ফল ঘোষণা না হওয়া পর্যন্ত  সব নেতাকর্মীকে কেন্দ্রে অবস্থানের আহ্বান রবিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৮
অ- অ+

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফলাফল ঘোষণা না পর্যন্ত সব নেতাকর্মীকে কেন্দ্র অবস্থান করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তানভীর আহমেদ রবিন।

তিনি বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী যে সহিংসতা শুরু করেছে তাতে নির্বাচনের দিন তারা নির্বাচনকে বানচাল করার বা প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করবে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে চোখের পলকে মহাসাগর পরিমাণ চুরি হতে পারে।’

শনিবার রাজধানীর শ্যামপুর থানাধীন ৫৮ নম্বর ওয়ার্ড নিজ বাসভবনে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।

রবিন বলেন, ‎‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন আমাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবাইকে সাথে নিয়ে সকাল সকাল ভোটের মাঠে উপস্থিত হতে হবে এবং যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদের কোনোভাবেই দায়িত্বে অবহেলা করা চলবে না।’

এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়। এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই- এ কথা উল্লেখ করে রবিন বলেন, প্রতিটি নেতাকর্মীকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে মাঠে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত পোলিং এজেন্টদের উদ্দেশে রবিন বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের আইনি দিক সম্পর্কে সচেতন থাকতে হবে এবং যেকোনো অনিয়ম দ্রুত দলীয় দায়িত্বশীলদের অবহিত করতে হবে।

এছাড়াও নির্বাচনের দিন সকালে উপস্থিত হয়ে খালি ও স্বচ্ছ ব্যালট বাক্স বুঝে নেওয়া, কোনো ধরনের সাদা কাগজে স্বাক্ষর না দেওয়া, দলীয় নেতাকর্মী ছাড়া অন্য কারো দেওয়া খাবার বা পানীয় না পান করা, ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে ভোট গণনা শুরু করা, গণনায় ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক নেতাকর্মীদের জানানো। লক্ষ্য রাখবেন ভোট প্রয়োগের পর একজন ব্যক্তি লাইনকে দীর্ঘ করার জন্য পুনরায় লাইনে না দাঁড়াতে পারে। যদি এমন কাউকে পাওয়া যায় সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

নারী পোলিং এজেন্টদের উদ্দেশে বিএনপির প্রার্থী বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন। সরাসরি মুখ বেঁধে এসে কেউ যেন ভোট দিতে না করতে পারে, অন্তত পর্দা অনুসরণ করে মুখের গঠন ভোটার আইডির সাথে মেলাবেন। যদি কেউ এ কাজে বাধা প্রদান করে সাথে সাথে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন।’

‎সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীর কাছ থেকে এমন দিকনির্দেশনা তাদের আরও আত্মবিশ্বাসী করেছে। তারা বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তারা প্রস্তুত রয়েছেন।

এ সময় সভায় উপস্থিত সাবেক তিনবারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা বিগত ১৮ বছর অনেক কষ্ট সহ্য করেছেন। সেই কষ্টের ফলাফল আজ ঘরে তোলার সময় হয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিশ্চিত করে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে সেই ফলাফল অর্জন করতে হবে।’

‎সভাশেষে তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্বল। ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে এবং সবর ভোটাধিকার নিশ্চিত করতে পারলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।’

(ঢাকাটাইমস/৭ ফেব্রুয়ারি/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা