ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন। এ সময় তারা অভিযোগ করেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নাইমুদ্দীনের ওপর বিনা কারণে হামলা চালানো হয়েছে।
শিক্ষার্থীদের বক্তব্য, কোনো অপরাধ ছাড়া কাউকে মারধরের অধিকার পুলিশের নেই। সাধারণ মানুষ রাস্তায় চলাচল করতে পারবে না— এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন—
১. ডিসি মাসুদসহ হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
২. ক্যাম্পাসের ভেতরে ও আশপাশে অযাচিত পুলিশি তৎপরতা বন্ধ।
৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এমআই)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













