দিনে তিন বার মশা নিধন কার্যক্রম চালাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ১২:৫৬
অ- অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে হটস্পট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। ডিএনসিসি সূত্র জানায়, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায় নগরজুড়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে। বিকাল ও সন্ধ্যার পাশাপাশি মশার উড়াল ও সক্রিয়তার সময় বিবেচনায় অঞ্চলভেদে রাতে ফগিং কার্যক্রম চালানো হবে। ফলে এলাকাভেদে দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠপর্যায়ে টিমগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি টিম ইতোমধ্যে বিভিন্ন হটস্পটে বিশেষ অভিযান শুরু করেছে। কিউলেক্স মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত নালা, নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে।

নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং বর্জ্য যথাযথভাবে অপসারণের আহ্বান জানিয়েছে ডিএনসিসি। মশার প্রজননস্থল ধ্বংসে সবার সম্মিলিত সহযোগিতার ওপরই কার্যক্রমের সফলতা নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/৩মার্চ/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি