মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের প্রখ্যাত ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন। আজ রবিবার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য স্টেটসম্যান’-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি সীমান্তবর্তী শরণার্থী শিবিরে অবস্থান করে বাংলাদেশের শরণার্থীদের দুর্দশা, মানবিক বিপর্যয় এবং যুদ্ধের ভয়াবহতা নথিবদ্ধ করেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ, যুদ্ধবিধ্বস্ত এলাকা এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। তার তোলা এসব ছবি আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল দলিল হিসেবে বিবেচিত।
বিজয়ী মুক্তিযোদ্ধাদের প্রত্যাবর্তন, শরণার্থীদের দুর্দশা এবং যুদ্ধক্ষেত্রের দৃশ্য তার ক্যামেরায় জীবন্তভাবে ধরা পড়ে। এসব কাজ তাকে আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি ও সম্মান এনে দেয়।
রঘু রাই-এর মৃত্যুতে আন্তর্জাতিক আলোকচিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার ফটোজার্নালিজমে তার অবদান অনন্য ও অমলিন।
তার প্রয়াণে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী চিরবিদায় নিলেন, যা আলোকচিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












