ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত অনেক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী, যাদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২৭ এপ্রিল) বেকাসি তিমুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে প্রবেশ করা দূরপাল্লার আরেকটি ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে।
পরে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই আটকে পড়া যাত্রীদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করা হয়। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের বের করে আনতে কাজ করছেন।
এদিকে ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































