ইসরায়েলি হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ০৯:৫২
অ- অ+

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। শনিবারের সর্বশেষ হামলাগুলোকে দুই সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় অন্তত ১০ জন নিহত হন। এতে করে গত ২৪ ঘণ্টায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ায় ৪১ জনে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২ হাজার ৬৫৯ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৮ হাজার ১৮৩ জন। খবর আল জাজিরা’র।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে এক হামলায় তিনজন নিহত হন। কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় প্রাণ হারান আরও দুইজন। লওয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় নিহত হন তিনজন এবং শৌকিনে পৃথক আরেকটি হামলায় দুইজন নিহত হয়েছেন।

এ ছাড়া নাবাতিয়েহ শহরের আল-কুদস রাউন্ডআবাউট এলাকায় বিমান হামলা চালানো হয়। টাইর জেলার সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান থেকে হামলার খবর পাওয়া গেছে। ১৭ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে, যা পরে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে। তবে নিহতদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। চলমান সংঘাতে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে, হামলার জবাবে পাল্টা আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনকে লক্ষ্য করে তারা একাধিক হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা ফাইবার-অপটিক কেবল নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ট্যাংক ও সামরিক যানবাহনে আঘাত হানছে। এসব হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যা অঞ্চলজুড়ে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4