পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল পাকিস্তান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিল জানিয়েছে, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।
চাঁদ দেখা গেলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ১০ জিলহজ, অর্থাৎ ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে। গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, এবার পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ পালনের সম্ভাবনাও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকতে পারে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়।
তবে চাঁদ দেখা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি কোনো কারণে ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হতে পারে।
(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












