যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে সম্মত হয়েছে চীন এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ইরানের ওপর চীনের প্রভাব রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করবো।
ট্রাম্পের ভাষায়, জ্বালানিই চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমাদের কাছে সীমাহীন জ্বালানি রয়েছে।
এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এবারের বাণিজ্য আলোচনা ‘গতবারের চেয়ে ভালো’ হয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়।
ট্রাম্প জানান, চীন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ কৃষিপণ্য কিনবে, যেমন সয়াবিন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পকে প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী চায়। জবাবে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি।
সূত্র: বিবিসি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













