হঠাৎ কেন কলকাতায় সফরে রুবিও

হঠাৎ কলকাতা সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শনিবার সকালে সস্ত্রীক পশ্চিমবঙ্গের রাজধানীতে পা রাখেন তিনি। গত ১৪ বছরের মধ্যে এটাই কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কলকাতা সফর।
এদিন স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে সস্ত্রীক কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রুবিও। সেখান থেকে সড়কপথে যান কলকাতার মিশনারিজ অব চ্যারিটি বা মাদার তেরেসা হাউজে।
এসময় তাকে স্বাগত জানান চ্যারিটির সন্ন্যাসিনীরা। সেখানে ঘণ্টাখানেক কাটিয়ে তিনি যান পাশেই এতিম শিশু-কিশোরদের নিয়ে কাজ করা নির্মলা শিশু ভবনে। সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কিছু উপহার তুলে দেন।
এরপর কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে ফের বিমানবন্দরে গিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
সবশেষ ২০১২ সালের মে মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতা সফর করেছিলেন। সে সময় তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবারের সফরে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো বৈঠক করেননি রুবিও।
জানা গেছে, ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চারদিনের কূটনৈতিক সফরে ভারতে অবস্থান করবেন মার্কো রুবিও। দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি কোয়াডভুক্ত দেশগুলোর (ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন তিনি।
ভারত সফরের অংশ হিসেবে আগ্রা ও জয়পুরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের দর্শনীয় স্থান পরিদর্শনের কথাও রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












