হোয়াইট হাউসের কাছে সশস্ত্র হামলা, পাল্টা অভিযানে নিহত এক বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, নিরাপত্তা সদস্যদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মারা যান।
সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের কাছে হোয়াইট হাউসের একটি গেটের সামনে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা সদস্যরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালান। এতে সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত হন।
ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনো সদস্য এ ঘটনায় আহত হননি।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।
গোলাগুলির পরপরই হোয়াইট হাউস এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে একাধিক গুলির শব্দ শোনা যায়। সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
এদিকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, ঘটনাটির তদন্তে তারা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
স্থানীয় কয়েকজন সাংবাদিকের দাবি, ঘটনাস্থলে ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তা অবরোধ তুলে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২৪ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













