পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার থেকে

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আগামীকাল সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক বিদেশি হজযাত্রী, যা গত বছরের মোট বিদেশি হাজির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ জানান, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী সৌদি আরব-এ পৌঁছেছেন।
তিনি বলেন, আগামী সোমবার ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দান-এ অবস্থানের মাধ্যমে পালিত হবে হজের মূল রোকন বা প্রধান স্তম্ভ। আজ ও আগামীকাল আরও বিপুল সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
হজ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, হাজিদের নিরাপত্তা ও সেবায় সংশ্লিষ্ট বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ফলে হজযাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেছিলেন। এর মধ্যে বিদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। এবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই বিদেশি হাজির সংখ্যা সেই রেকর্ড অতিক্রম করায় ধারণা করা হচ্ছে, চলতি বছরের হজ আয়োজন গত বছরের তুলনায় আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২৪ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































