আরাফার খুতবায় তাকওয়া ও আখিরাতের প্রস্তুতির আহ্বান

অনলাইন ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৬ মে ২০২৬, ১৯:৩১
অ- অ+

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফাত ময়দানের মসজিদে নামিরাহতে আরাফার খুতবা দিয়েছেন প্রখ্যাত ইসলামিক আলেম শায়খ আলী আল-হুদাইফি। খুতবায় তিনি তাকওয়া অবলম্বন, আল্লাহর আদেশ মেনে চলা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল তিনটার পর দেওয়া এ খুতবার বিষয়ে সৌদি ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

খুতবায় শায়খ আল-হুদাইফি বলেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার আমলের হিসাব দিতে হবে। তিনি মুসলিমদের আল্লাহভীতি অর্জন, প্রতিশ্রুতি রক্ষা এবং পরকালের জবাবদিহিতার বিষয়টি সবসময় স্মরণে রাখার আহ্বান জানান।

তিনি তাওহিদের গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহর সঙ্গে কোনো শরিক করা যাবে না এবং সব ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশেই হতে হবে।

এদিকে পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ‘উকুফে আরাফা’ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৬ লাখের বেশি হাজি মঙ্গলবার ভোর থেকেই আরাফাতের ময়দানে সমবেত হন। তাঁরা ইবাদত, দোয়া ও জিকিরে সময় কাটান।

ইসলামী ঐতিহ্যে আরাফাতে অবস্থানকে হজের মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘হজ হলো আরাফা’।

ইসলামের ইতিহাসে আরাফাতের দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) বিদায় হজে আরাফাতের জাবালে রহমতে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে ন্যায়বিচার, সাম্য ও মানুষের জীবন-সম্পদের মর্যাদার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

চলতি বছর হজযাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে চিকিৎসাসেবা, পরিবহনব্যবস্থা ও জরুরি সহায়তা ইউনিট মোতায়েন করা হয়েছে। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে হাজিদের পর্যাপ্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে তাঁরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন এবং রাতযাপন করবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, পুলিশও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী
আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা