কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৬, ০৮:৪৩
অ- অ+

পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (৩ জুন) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, মাঝরাতে দেশটির ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের অভ্যন্তরে কোনো স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি। মাঝরাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে।

তবে কুয়েতের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় কুয়েতের বক্তব্যকে ‘হাস্যকর’ উল্লেখ করে আইআরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

এর আগে গত ১ জুন কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সে সময় মার্কিন বাহিনী দাবি করেছিল, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পারস্য উপসাগরের কৌশলগত কেশম দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ঘটনার কিছু সময় পরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় আইআরজিসি।

সাম্প্রতিক এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে কেশম দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

(ঢাকাটাইমস/৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু
পুলিশের ৫ কর্মকর্তা বদলি