বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির অভাবে বুধবার তেলের বাজারে এই বৃদ্ধি দেখা গেছে। খবর রয়টার্সের।
বাজার তথ্য অনুযায়ী, বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৬.৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯১ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৭ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কই এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করে।
এদিকে ইরান থেকে কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি তেহরান–ওয়াশিংটন চলমান কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বাজারে সরবরাহ ঝুঁকি নিয়ে আশঙ্কা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
(ঢাকাটাইমস/৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












