আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসার জন্য ৬ সরকারি হাসপাতালকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ০৮:৪৩
অ- অ+

লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে আদ্-দ্বীন হাসপাতাল থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে বলা হয়েছে।

যেসব হাসপাতালে চিকিৎসা পাবেন রোগীরা:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
  • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
  • বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে এবং রোগীদের অন্যত্র স্থানান্তরের জন্য ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয়। এরপর থেকেই হাসপাতাল থেকে রোগী স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একদিনের ব্যবধানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৩ জন কমে বর্তমানে ২৪৩ জনে নেমে এসেছে। তবে এনআইসিইউ, আইসিইউ ও সিসিইউতে চিকিৎসাধীন প্রায় ৭০ জন সংকটাপন্ন রোগীকে ঘিরে উদ্বেগ বাড়ছে।

রোগীদের স্বজনরা বলছেন, আদ্-দ্বীন হাসপাতালে তুলনামূলক কম খরচে জটিল চিকিৎসাসেবা পাওয়া যেত। তাই গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর নিয়ে তারা শঙ্কিত। তাদের অভিযোগ, রোগী স্থানান্তরের সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতার কথা বলা হলেও শুক্রবার হাসপাতালে সংশ্লিষ্ট কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম জানান, বর্তমানে ৫০ জন নবজাতক এনআইসিইউতে এবং ১৩ জন রোগী আইসিইউ ও এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রোগীদের জীবনঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভবন পুনর্নির্মাণের জন্য তিন মাস সময় চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালগুলোকে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করতে হবে।

(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ, মিলবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা