গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১১:২১| আপডেট : ২১ জুন ২০২৬, ১১:২২
অ- অ+

গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক ক্যামেরাম্যানসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শনিবার (২০ জুন) মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বোমা হামলা চালানো হয়। এতে আলজাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহসহ তিনজন নিহত হন। আলজাজিরা কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে একই পরিবারের আরেক সদস্য ও আলজাজিরার সংবাদদাতা মোহাম্মদ উইশাহও ইসরায়েলি হামলায় নিহত হন।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ভোররাতে চালানো পৃথক এক বিমান হামলায় জিনা (৪) ও লানা (১৪) নামে দুই বোন নিহত হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

নিহত এক ব্যক্তির স্বজন মোহাম্মদ সাফাদি বলেন, তারা সাধারণ নাগরিক ছিলেন এবং কোনো ধরনের সংঘাতে জড়িত ছিলেন না। আকস্মিক হামলায় পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি “সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক” হামলায় আলজাজিরার ওই ক্যামেরাম্যানকে হত্যা করেছে। তাদের দাবি, তিনি হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিলেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলমান সংঘাতে এবং পরবর্তী সময়ের হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু বলে জানানো হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় নিয়মিত হামলা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় সূত্র অভিযোগ করেছে।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা