গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফেরাতে সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: কাদের গনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৮:২৯
অ- অ+

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ব্যাহত হওয়ায় গণমাধ্যম জনগণের আস্থা হারিয়েছে। গত ১৭ বছরে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের খবর দেশের গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত না হওয়ায় জনগণকে অনেক ক্ষেত্রে বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হয়েছে।

আজ রোববার রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সম্মেলন কক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) সদস্যদের জন্য আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআইবি দুই দিনব্যাপী ‘এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

সাংবাদিকতার মূল শক্তিই সত্য উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, সত্যের অনুসন্ধান থেকে বিচ্যুত হওয়ায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমেছে। সংবাদমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থানে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও স্বার্থান্বেষী প্রচারণা সাংবাদিকতার মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একসময় যে পেশা মানুষের কাছে অত্যন্ত সম্মানজনক ছিল, সেখানে এখন সাংবাদিকতা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এই অবস্থা পরিবর্তনে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রসঙ্গ তুলে ধরে বিএফইউজে মহাসচিব বলেন, প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি এর অপব্যবহারও গভীর উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে ভুয়া ছবি, ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার প্রবণতা দেখা যাচ্ছে। এআই-এর এই অপব্যবহার রোধে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরো বলেন, সত্যের পক্ষে দাঁড়ানোই সাংবাদিকতার মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে আবারো জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন।

দুই দিনব্যাপী এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরিফুল ইসলাম আরমান, ড. জামিল খান ও আবু সুফিয়ান। কর্মশালাটি কো-অর্ডিনেট করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং এতে সার্বিক সহযোগিতা করেন পিআরএফ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় শিশু রিফাত অপহরণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর শোক
তারেক রহমান ঘোষিত ‘নজরুল বর্ষ' পালনের প্রজ্ঞাপন জারি
আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা