জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক: স্কুল-রেল সেবা বন্ধ, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১০:০৬| আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:০৭
অ- অ+

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের পর অন্তত ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে স্কুল বন্ধ, রেল ও মেট্রো সেবা স্থগিত এবং একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এরপর থেকেই ধারাবাহিকভাবে আফটারশক অনুভূত হচ্ছে বলে জানায় প্রেসিডেন্টের কার্যালয়, যা নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চল—লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকাজ চলছে।

প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এক লাখের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ডেলসি রদ্রিগেজ। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ। এ সময় তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং পরিস্থিতি মোকাবিলায় একজন জেনারেলকে দায়িত্ব দেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশজুড়ে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মেট্রো ও রেল পরিষেবা এবং অপ্রয়োজনীয় সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডারকে অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রাজধানী কারাকাসের মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আফটারশক অব্যাহত থাকায় পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান
পানিবণ্টন চুক্তিসংক্রান্ত কারিগরি দল গঠন, ভারতকে জানাবে বাংলাদেশ: রাশেদ তিতুমীর
ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীতে ১০ টুকরো করা নারীর মরদেহ উদ্ধার