মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ইনুর রায় ঘোষণা, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ রায় ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালত সূত্রে জানা গেছে, বহুল আলোচিত এ মামলার রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন তারিখ নির্ধারণ করেন। দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
শুনানিকালে রাষ্ট্রপক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং ফারুক আহাম্মদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।
মামলাটিকে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আজকের রায়ের মাধ্যমে এ বহুল আলোচিত মামলার বিচারিক পর্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































