৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে ফলাফল প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রিটকারী পক্ষের আইনজীবী জানান, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছিল বলে আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এ কারণে নিয়োগ প্রক্রিয়াটি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এর আগে, ২০২৪ সালে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। তারা নিয়োগ কার্যক্রমে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। হাইকোর্টের এ রায়ের ফলে ওই নিয়োগ প্রক্রিয়া নতুন করে মূল্যায়নের পথ উন্মুক্ত হলো।
(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































