পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৭৭০৬৯ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সোমবার পর্যন্ত মোট ২১১টি ফিরতি ফ্লাইটে তারা দেশে প্রত্যাবর্তন করেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৭২ হাজার ৬১০ জন হাজি রয়েছেন।
এ বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় ১ জন মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এয়ারলাইনসভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১১টি ফ্লাইটে ৩৪ হাজার ১২২ জন হাজি দেশে ফিরেছেন। সৌদিয়া এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে ফিরেছেন ১১ হাজার ৪৩ জন হাজি। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৬ হাজার ৫২৭ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে বাকি হাজিরা পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, এ বছর সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ৭ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। পাশাপাশি সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৪০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৪৫২ জন হাজি তথ্য ও সহায়তা পেয়েছেন।
চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। প্রাক-হজ ফ্লাইট শেষ হয় ২১ মে। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































