বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় উল্লম্ফন

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের দুর্বল তথ্য এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় উল্লম্ফন দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের আসন্ন ‘নন-ফার্ম পে-রোল’ প্রতিবেদনের দিকে নজর রাখছেন, যা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নীতির দিকনির্দেশনা দিতে পারে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫১ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫৭ দশমিক ৯২ মার্কিন ডলারে দাঁড়ায়, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ০.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়।
এর আগে বুধবার স্বর্ণের দাম দিনের শুরুতে সাত মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি নেমে গেলেও পরে ঘুরে দাঁড়িয়ে ৪ হাজার ২৯ দশমিক ৮৯ ডলারে ওঠে।
বাজার বিশ্লেষক নিকোলাস ফ্র্যাপেল জানান, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের কর্মসংস্থান প্রত্যাশার তুলনায় কম হওয়ায় স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। তার মতে, আসন্ন নন-ফার্ম পে-রোল প্রতিবেদনে শ্রমবাজারের দুর্বলতার ইঙ্গিত পাওয়া যেতে পারে—এমন ধারণাই বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে।
এডিপি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্ট অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে ৯৮ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যা মে মাসের ১ লাখ ২২ হাজারের তুলনায় কম। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা জুনে ১ লাখ ১৮ হাজার নতুন কর্মসংস্থানের পূর্বাভাস দিলেও বাস্তব চিত্র তা থেকে পিছিয়ে রয়েছে।
ফেডারেল রিজার্ভের নীতি নিয়েও বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। ফেড চেয়ারম্যান কেভিন ওয়ারশ বলেছেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তবে ২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রীয় ব্যাংক এখনো প্রতিশ্রুতিবদ্ধ। সিএমই ফেডওয়াচ অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ।
এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কিছুটা হ্রাস পেয়েছে, যা স্বর্ণের জন্য ইতিবাচক হিসেবে কাজ করছে। তবে সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।
ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত মার্কিন-ইরান পরোক্ষ বৈঠক কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছে, যা জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬০ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬০৭ দশমিক ৬৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৪ শতাংশ বেড়ে ১ হাজার ২২৭ দশমিক ১৩ ডলারে লেনদেন হচ্ছে।
(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































