আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমলো

কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলমান থাকার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কমেছে। আলোচনা থেকে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে কাতার জানিয়েছে। এরপরই বৈশ্বিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। খবর আলজাজিরা’র।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১.২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়।
এর আগে আগের সেশনেও উভয় বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি কমেছিল, যা গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ-সংক্রান্ত ঝুঁকি কমাতে পারে—এমন প্রত্যাশা থেকেই বাজারে তেলের দামে চাপ সৃষ্টি হয়েছে।
তবে ভূরাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে বাজার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































