ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১১:৪৭
অ- অ+

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। দুর্যোগের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা বলছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে আসছে।

বুধবার (১ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত ২ হাজার ২৯৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং প্রায় ১৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভূমিকম্পের পর দেশজুড়ে শোক ও অনিশ্চয়তার পরিস্থিতি বিরাজ করছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এই মানবিক বিপর্যয়ে দেশের ‘আত্মা ছিন্নভিন্ন হয়ে গেছে’।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের লা গুয়ারিয়া শহর। ধসে পড়া বহু ভবনে ‘D’ চিহ্ন দেওয়া হয়েছে, যার অর্থ সেখানে আর জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা নেই। স্পেনের উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোডস বলেন, যেখানে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই, সেখানে আর সময় ব্যয় করা হচ্ছে না।

তবে বিপর্যয়ের মধ্যেও মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়, যা উদ্ধার অভিযানে বিরল আশার আলো হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে ৭২ ঘণ্টার পর ধ্বংসস্তূপে জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে তেলসমৃদ্ধ দেশটির বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে দুর্বল হয়ে পড়া অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

লা গুয়ারিয়ার একটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৮ বছর বয়সী দানিয়েল আরমাস বলেন, খাবার সংগ্রহ করতে মানুষকে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়তে হচ্ছে। একই সঙ্গে লুটপাট ও চুরির ঘটনাও বেড়েছে।

এদিকে, ধ্বংসস্তূপ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী তিন মাসে প্রায় পাঁচ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে ৫ কোটি ডলার তহবিলের আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ও কম টিকাদানের কারণে হাম, ডিপথেরিয়াসহ সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

নাসার প্রাথমিক উপগ্রহ বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ
দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা