বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ০৯:০২
অ- অ+

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। মার্কিন ডলারের দর শক্তিশালী হওয়ায় দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে এসেছে মূল্যবান ধাতুটির দাম। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদহার নীতিকে ঘিরে বিনিয়োগকারীদের নতুন হিসাব-নিকাশও বাজারে প্রভাব ফেলছে।

সোমবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৩ দশমিক ১২ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ২২ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে তা নিম্নমুখী হয়।

অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচারসের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে। আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্বর্ণ কেনার খরচ বেড়ে যায়, যা চাহিদা কমিয়ে দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের সাম্প্রতিক তথ্যও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, জুন মাসে দেশটির কর্মসংস্থান বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থানের তথ্যও নিম্নমুখী সংশোধন করা হয়েছে। ফলে ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা কিছুটা কমেছে।

বর্তমানে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই নথি থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে প্রায় ৫৭ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

ভবিষ্যৎ বাজার পরিস্থিতি নিয়ে পূর্বাভাসও দিয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে স্বর্ণের চাহিদা প্রত্যাশার তুলনায় কিছুটা দুর্বল থাকতে পারে। তবে তৃতীয় প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলার এবং বছরের শেষ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৬৩ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, ডলারের গতিপ্রকৃতি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচক এবং ফেডারেল রিজার্ভের সুদহার-সংক্রান্ত সিদ্ধান্ত আগামী দিনগুলোতে স্বর্ণবাজারের গতিধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস, নিজ হাতে বিচার না করার আহ্বান
পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, শোকমিছিলে লাখো মানুষের ঢল
দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা