মাঝ আকাশে উড়ন্ত বিমানে দুর্ঘটনা, জানালা খুলে বাইরে বেরিয়ে গেল যাত্রীর মাথা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১২:৪৬
অ- অ+

গ্রিস থেকে জার্মানিগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজ মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের একটি জানালা খুলে গেলে এক যাত্রীর মাথা ও কাঁধ আংশিকভাবে বাইরে চলে যায়। পরে সহযাত্রীরা তাকে ধরে ভেতরে টেনে আনেন।

শুক্রবার গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনগামী রায়ানএয়ারের বোয়িং ৭৩৭ উড়োজাহাজে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটি জরুরি ভিত্তিতে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে এসে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরের দুটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই যাত্রীর আসনের পাশের একটি জানালা খুলে যায়। সার্বিয়ার ওই যাত্রীর মাথা ও কাঁধ বিমানের বাইরে চলে গেলে অন্য যাত্রীরা দ্রুত তাকে ধরে ভেতরে টেনে আনেন।

পরে আহত ওই যাত্রীকে থেসালোনিকির এহেপা ইউনিভার্সিটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সার্বিয়ার কনস্যুলেট জানিয়েছে, তিনি আহত হলেও তার জীবন ঝুঁকিতে নেই। চিকিৎসকরা তার আঘাতের মাত্রা পরীক্ষা করছেন।

রায়ানএয়ার এক বিবৃতিতে জানিয়েছে, আকাশে থাকা অবস্থায় যাত্রীর আসনের পাশের একটি জানালা খুলে যাওয়ার কারণে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়। নিরাপদে অবতরণের পর সব যাত্রীকে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছে।

তবে কীভাবে জানালাটি খুলে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে জানালায় আঘাত করে থাকতে পারে। এতে জানালা ক্ষতিগ্রস্ত হয়ে কেবিনের চাপ কমে যায়। বিমানবন্দরের দুটি সূত্রও একই ধরনের তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। ভিডিওতে ইঞ্জিনের কয়েকটি ফ্যান ব্লেড অনুপস্থিত বলেও দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিনের কোনো অংশ ভেঙে বাইরের আবরণ ভেদ করে বেরিয়ে এলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭ এনজি মডেলের। সংস্থাটি জানায়, তারা ঘটনাটি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।

বোয়িং জানিয়েছে, তারা রায়ানএয়ারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তদন্তে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে মেমিঙ্গেনগামী উড়োজাহাজটি থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসে।

এদিকে জানা গেছে, একই উড়োজাহাজটি এর আগের দিন সারায়েভোগামী একটি ফ্লাইটেও উড্ডয়নের কিছুক্ষণ পর থেসালোনিকিতে ফিরে এসেছিল। তবে ওই সময় ফিরে আসার কারণ এখনো পরিষ্কার নয়।

(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় নিজের মেয়েকে হত্যার অভিযোগ: ৩৬ ঘণ্টায় রহস্য উদঘাটন
আমাকে নিয়ে যে অপবাদ ছড়ানো হয়েছিল, তার দায় কে নেবে? রাষ্ট্রের কাছে পরীমনির একগুচ্ছ প্রশ্ন
টেকনাফে মাটির নিচে লুকানো ৩০ হাজার ইয়াবা জব্দ
খিলগাঁওয়ে তরুণী হত্যা: ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার, হত্যার দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা