যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওমান-কাতারসহ ৫ দেশে ইরানের হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১২:১১
অ- অ+

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশে সামরিক অভিযান চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী জানিয়েছে, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি তাদের প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ। তাদের দাবি, ওমানের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ স্থাপনায় আকস্মিক হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ওই ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাতেও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কুয়েতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ গুদাম ও রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বাহরাইনে একটি যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইরান।

অন্যদিকে জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, হামলায় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ড্রোন রাখার কয়েকটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সংশ্লিষ্ট দেশগুলো এসব হামলার অনেকগুলো প্রতিহত করার দাবি করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে শোনা বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হয়েছে বলে জানানো হয়েছে।

কাতার ও বাহরাইনেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বাহরাইনে একাধিকবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এর পাশাপাশি হরমুজ প্রণালিতে ‘নিয়ম লঙ্ঘনকারী’ আরেকটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

একাধিক দেশে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিকুঞ্জের কুখ্যাত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত করা হবে সংসদ প্রাঙ্গণে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
বন্যা ও পাহাড়ধসে সাত জেলায় মৃত্যু ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা