যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১৪:৫৯
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও তেলের দাম বেড়েছে। ইরানি বন্দরগুলোতে নতুন করে মার্কিন নৌ অবরোধ এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পায়, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

জ্বালানি বাজার বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের ভবিষ্যৎ গতিপ্রকৃতির ওপরই তেলের দামের পরবর্তী ধারা নির্ভর করবে। বর্তমানে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ তুলনামূলক স্থিতিশীল থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন কোনো সামরিক সংঘাত বা ইরানের তেল রপ্তানির ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তেলের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত। বর্তমান সংঘাত শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকা না থাকার বিষয়টি আগামী দিনগুলোতে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
পঞ্চগড়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ডলারের ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা