সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার (১৮ জুলাই) সংঘটিত এ হামলার খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে জানানো হয়, তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই এবং সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষেপণাস্ত্রের সংখ্যা কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে হতাহতের কোনো তথ্যও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিশ্লেষকদের মতে, এ হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ বেড়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এর আগে গত এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সরাসরি হামলা চালিয়েছিল তেহরান।
(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































