তুরস্কে গিয়ে জমি উপহার পেলেন সালাহ

লিভারপুলের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানা গড়েছেন মোহাম্মদ সালাহ। ইউরোপে থাকার ইচ্ছা থেকেই সৌদি আরবের বিপুল অর্থের প্রস্তাব ফিরিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরকে বেছে নিয়েছেন মিশরীয় এই তারকা।
নতুন ক্লাবে যোগ দিয়েই ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সালাহ। রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে ট্রাবজোনস্পরের সমর্থকেরা। মাঠের পারিশ্রমিকেও থাকছে বড় অঙ্কের অর্থ। দুই বছরের চুক্তিতে প্রতি মৌসুমে প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা পাবেন তিনি। এর ফলে তুরস্কের সুপার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও হয়েছেন সালাহ।
এর আগে এই রেকর্ড ছিল ভিক্টর ওসিমেনের দখলে। সর্বশেষ মৌসুমে ১ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে নেয় গ্যালাতাসারাই। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।
তবে অর্থ আর ভালোবাসার পাশাপাশি তুরস্কে গিয়ে এবার আরও বিশেষ এক উপহার পেয়েছেন সালাহ। বাড়ি নির্মাণের জন্য তাকে একখণ্ড জমি উপহার দিয়েছেন ট্রাবজোনের আরাকলি শহরের মেয়র হুসেইন আভনি কোশকুন চেবি।
সালাহকে জমি উপহারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তুরস্ক ও মিশরের মধ্যে মিলের কথাও তুলে ধরেন মেয়র। তিনি বলেন, দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। দুটো দেশই খুব সুন্দর। তবে মানুষজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।
এরপর বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি তুলে ধরে সালাহকে জমি দেওয়ার কথা জানান চেবি। তার ভাষায়, গ্লোবাল ওয়ার্মিং পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে অতিরিক্ত গরমের কারণে মিশরে বসবাস করা কঠিন হয়ে পড়তে পারে। তবে সে সময় আমাদের এলাকাটি বসবাসের জন্য খুবই উপযোগী থাকবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সবচেয়ে কম পড়বে এমন জায়গাগুলোর মধ্যে এটি একটি হবে। তাই আপনাকে এখানে সুন্দর একখণ্ড জমি দিচ্ছি। আপনার সন্তান ও নাতি-নাতনিদের জন্য এটি একটি চমৎকার জায়গা হতে পারে। এখানে পানির কোনো অভাব থাকবে না এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকেও মুক্ত থাকবে।
মেয়রের এমন উপহারে আপ্লুত সালাহও তাকে ধন্যবাদ জানিয়েছেন। তুরস্কের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করা এই তারকা প্রতিউত্তরে মেয়রকে বলেন, ‘ধন্যবাদ।’
নতুন ক্লাবে যোগ দেওয়ার শুরুতেই রাজকীয় অভ্যর্থনা, রেকর্ড পারিশ্রমিকের পাশাপাশি এমন ব্যতিক্রমী উপহার সব মিলিয়ে তুরস্কে সালাহর নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে বেশ জমকালোভাবেই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































