আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের তাগিদ রাজবাড়ীর এসপির, জনগণের সঙ্গে উত্তম ব্যবহারে গুরুত্ব

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ। একই সঙ্গে জনগণের সঙ্গে উত্তম ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভায় তিনি এসব নির্দেশনা দেন।
এদিন সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় তিনি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা ও পোশাক-পরিচ্ছন্নতা মূল্যায়ন করেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা ও বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন পুলিশ সুপার।
মাসিক কল্যাণ সভায় বিভিন্ন মানদণ্ড ও কর্মদক্ষতার ভিত্তিতে জেলা পুলিশের কয়েকজন সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজবাড়ী সদর থানার এসআই মো. সোহেবুর রহমান, এএসআই মশিউর রহমান ও এএসআই মো. হাবিবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই ওয়াহিদুল ইসলাম, সার্জেন্ট খায়রুল আলম এবং সাইবার ক্রাইম সেলের এসআই আশিক ইমরান ও তার দল।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে অসামান্য সহায়তার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ রতন কুমার সরকারকেও পুরস্কৃত করা হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































