যশোরে অস্ত্র-গুলিসহ তিনজন আটক

যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গত ২২ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার চলিশিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের হালিমের মোড়ের উত্তর পাশে জসিমের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় আল আমিন শেখ (২৮) ও মো. বিল্লাল খাঁ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখ তার পরিহিত জিন্সের প্যান্টের পেছনের কোমর থেকে নিজ হাতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান বের করে দেন। পরে তার প্যান্টের পেছনের বাম পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মো. জুয়েল গাজী (৩০)-কেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যেপাড়ার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮),বুইকরা গা্রামের নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ (৩৬) ও ধোপাদির মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।
অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. মিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































