সৌদির পাইপলাইন বন্ধ থাকায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরা’র।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫০ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৩ ডলার বা ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন কোনো হামলা বা জ্বালানি অবকাঠামোয় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেই তেল ব্যবসায়ীরা সেটিকে সরবরাহের ওপর বাড়তি ঝুঁকি হিসেবে দেখছেন। একই সঙ্গে সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কিংবা হরমুজ প্রণালিতে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না, সেদিকেও তারা সতর্ক নজর রাখছেন।
এদিকে সপ্তাহান্তে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচল কমে দিনে ১০টির নিচে নেমে এসেছে। অথচ এর আগের ১০ দিনের গড় ছিল দিনে ১৪টি জাহাজ। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। ফলে এই পথে জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ক্রেতা ও তেল ব্যবসায়ীদের আশঙ্কা, সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে না পারলে কয়েক দিনের মধ্যেই রপ্তানির জন্য মজুত থাকা তেল ফুরিয়ে যেতে পারে। এতে বৈশ্বিক বাজারে প্রতিদিনের মোট তেল সরবরাহ প্রায় ৪ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে সৌদি আরবের পাইপলাইন দ্রুত সচল হওয়া এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া এখন আন্তর্জাতিক তেল বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরবরাহ ব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













