কটূক্তির অভিযোগে আটক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে পুলিশি নিরাপত্তায় তাকে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে এক শিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের পর পুলিশ শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ তাকে নিরাপদে নিজ বাসভবনে পৌঁছে দেয়।

মাহদী আমিনের পোস্টে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলা হয়, মতের ভিন্নতা থাকতেই পারে। প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান গণতন্ত্রের শক্তি বলেও উল্লেখ করা হয়।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়। তিনি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাসে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য তিনি ক্লাসে করেছিলেন।

এ ঘটনায় বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে রাতে তাকে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২৩ রানে অপরাজিত গিল, গড়লেন একাধিক বিশ্ব রেকর্ড
নিরাপদ সড়ক শুধু স্লোগান নয়, রাষ্ট্রীয় অঙ্গীকার
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না