বিষপানের পর হাসপাতালে মৃত্যু গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৩:৫২
অ- অ+

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। বিষপানের পর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীরুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাতে তার মৃত্যুর খবর জানাজানি হয়।

এনসিপির চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তার কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি আহত জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

আরিফ মইনুদ্দিন আরও বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দীর্ঘদিন শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তানভীরুল। ক্ষতস্থানে সংক্রমণের কারণে তাকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। তীব্র ব্যথার কারণে প্রায়ই খুঁড়িয়ে হাঁটতেন এবং কষ্টে কান্নাকাটি করতেন। দীর্ঘদিনের এই শারীরিক যন্ত্রণা তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে মনে করেন তিনি।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিশ্চিত করা না হলেও বিষপানের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি, তিন হাজার পর্যটক নিরাপদে
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, গ্রেপ্তার আবু বকর