পিচ্চি রাজা ‘পলায়ন’ নয়, ছিল সাজানো নাটক 

মো. রাজীব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর)
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২০:১৮
অ- অ+

প্রিজনভ্যানের ভেতরে বন্দি ছিল ২৯ আসামি। আদালতের কার্যক্রম শেষে তাদের নিয়ে ফিরছিল পুলিশের স্কট। মাঝপথে থামানো হলো ভ্যান। এরপর খুলে গেল তালা। দুই হাজতিকে নামানো হলেও একজন আর ভ্যানে উঠলেন না। কিছুক্ষণ পর শুরু হলো ‘পালিয়ে যাওয়ার’ গল্প। কিন্তু আট দিন পর সেই গল্পের আড়ালের চিত্র সামনে এসেছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, এটি কোনো আকস্মিক পলায়ন ছিল না; বরং পূর্বপরিকল্পিতভাবে আসামিকে প্রিজনভ্যান থেকে বের করে দেওয়ার ঘটনা। আর সেই পরিকল্পনার অন্যতম কারিগর ছিলেন দায়িত্বে থাকা পুলিশেরই এক কর্মকর্তা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৯ জন আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

ফেরার পথে তাঁতীবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজনভ্যানটি থামানো হয়। ওই সময় ভ্যানের ইনচার্জের দায়িত্বে ছিলেন এএসআই প্রবীর কুমার। তিনি চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে ভ্যানের তালা খুলে দেন।

তখন পিচ্চি রাজাসহ দুই হাজতিকে ভ্যান থেকে নামানো হয়। অন্য হাজতি খাইরুল বাশারকে পরে ভ্যানের সামনের দিকে বসানো হলেও পিচ্চি রাজাকে আর ভেতরে নেওয়া হয়নি।

তদন্তে পুলিশের দাবি, পুরো ঘটনাটিই ছিল পূর্বপরিকল্পিত। রাস্তার পাশে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে পিচ্চি রাজাকে তুলে দেন প্রবীর কুমার। এরপর পরিস্থিতি স্বাভাবিক দেখিয়ে তিনি আবার স্কট পার্টির সঙ্গে যোগ দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে প্রবীর কুমার শৌচাগারে যাওয়ার কথা বলে আসামি নিখোঁজ হওয়ার একটি গল্প তৈরি করেন। এভাবেই প্রিজনভ্যান থেকে পরিকল্পিতভাবে বের করে দেওয়া আসামির ঘটনাকে ‘পলায়ন’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

ঘটনার পর থেকেই পিচ্চি রাজা পলাতক রয়েছেন। আট দিন ধরে তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানে দায়িত্ব পালনকারী কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার
ভারতের শিক্ষার্থী আন্দোলনের নতুন মুখ নেহা বোরা, কে এই তরুণী?