শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ১৭:০২
অ- অ+

উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

​অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা। ব্র্যাক ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রয়াস বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।"

​তিনি আরও বলেন, “যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা এমন এক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান চর্চা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, এই পারস্পরিক সহযোগিতা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি সবসময়ই দেশে ও আন্তর্জাতিক পরিসরে অর্থবহ অংশীদারত্বে বিশ্বাস করে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়; সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর মাধ্যমে সমাজ ও জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারকটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষার সুযোগ ও এর প্রভাব আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্রিত করে আমরা জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যেতে চাই। সারা দেশে অর্থবহ পরিবর্তন সাধনে ভূমিকা রাখতে চাই।”

​সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে একযোগে কাজ করবে।

​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

​অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের (LTIC) পরিচালক অধ্যাপক মো. গোলাম সামদানি ফকির, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. এরুম মারিয়াম প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের