মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়, বেনিনকে হারাল ৩-০ গোলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪
অ- অ+

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। মহাতারকার জোড়া অ্যাসিস্ট ও এক গোলের নৈপুণ্যে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচজুড়ে ছিল আবেগ আর স্মৃতিকাতরতার আবহ। ম্যাচের আগে এবং জাতীয় সংগীত পরিবেশনের সময় আবেগাপ্লুত দেখা যায় মেসিকে। ম্যাচের ১০ মিনিটে তার ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে দুই মিনিটের জন্য খেলা থামিয়ে দেন রেফারি। এ সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মুখর করে তোলে চারপাশ। বেনিনের খেলোয়াড়রাও ফুটবলের এই মহাতারকাকে অভিবাদন জানান।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন ওতামেন্দি। গোলের মাত্র দুই মিনিট পরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। বিদায়ের মুহূর্তে সতীর্থ ও দর্শকদের কাছ থেকে পান দাঁড়িয়ে অভিবাদন।

এরপর ৫৯ মিনিটে রদ্রিগো দি পল ও জুলিয়ান আলভারেজকে তুলে নিকো পাজ ও নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান স্কালোনি। মাঠে নেমেই আস্থার প্রতিদান দেন নিকো পাজ। মাত্র এক মিনিট পর মেসের বাড়ানো নিখুঁত পাস ধরে বাঁকানো শটে বল জালে জড়ান ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এরপর নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। ৭১ মিনিটে বেনিনের বক্সে অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে জোরালো শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের জার্সিতে এটি ছিল মেসির ১২৬তম গোল। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে উল্লাসে মাতেন।

শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি আর্জেন্টিনা। ফলে মেসির দুই অ্যাসিস্ট ও এক গোলের নৈপুণ্যে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

তবে এই ম্যাচের ফলের চেয়েও বড় হয়ে থাকল মেসির বিদায়। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে এক যুগের বেশি সময় ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও হলো জয় ও উৎসবের মধ্য দিয়ে।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার
ইউএনও-উপজেলা পরিষদের প্রশাসকদের সরকারের জরুরি নির্দেশনা
জেট ফুয়েলের দাম বাড়ল
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল