বোয়ালমারীতে ট্রলিচাপায় কলেজছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রলিচাপা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বোয়ালমারী-ময়েনদিয়া সড়কের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজছাত্রের নাম শাহ আমীন মীনা (১৮)। তিনি চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের দিনমজুর সাত্তার মীনার ছেলে। আমীন স্থানীয় শাহ্ জাফর টেকনিক্যাল কলেজে বিএম শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আমীন ওই সড়ক দিয়ে ধান ভাঙিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় একটি ট্রলি পেছনের দিকে গিয়ে একটি গাছের সাথে সাইকেল আরোহী আমীনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ফলে আমীন গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন বলেন, আমীন অত্যন্ত মেধাবী। ২০২০ সালে তার উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। গত টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় সে কলেজে সকল বিভাগের শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।
বোয়ালামারী থানার ওসি আমিনুর রহমান বলেন, তিনি ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত কলেজ ছাত্রের মৃতদেহ দেখে এসেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































