সিলেটে আজ থেকে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ

পবিত্র রমজান মাসে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক মাংসের দাম নির্ধারণ করে দেওয়ায় আন্দোলনে যাচ্ছেন মাংস ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকে সিলেট মহানগরীতে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠকে এ ঘোষণা দেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা।
এ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আমরা যে দামে গরু বা ছাগল কিনি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়।
আমরা গত এক মাস থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে এলেও সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিচ্ছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।
তিনি আরও বলেন, সিলেটের বাইরে অন্যান্য স্থানে এ দামের চাইতে বেশি টাকায় গরু ও ছাগলের মাংস বিক্রি করা হয়। আমরা গরু-ছাগল কিনি সিলেটের বাইরে থেকে। তাই পশুর দাম পড়ে বেশি। আমরা সারাদেশে এক দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখবেন বলে জানান তারা।(ঢাকাটাইমস/৭এপ্রিল/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































