দ্বাদশ জাতীয় নির্বাচন: কী চমক থাকছে রোডম্যাপে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫
অ- অ+

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নির্বাচনী রোডম্যাপ’ চূড়ান্ত করেছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। এবারের চূড়ান্ত রোডম্যাপে ১৫০ আসনের ইভিএমে ভোটই বড় ব্যতিক্রম বলে জানা গেছে। আর বাকি সব বিষয়েই সাবেক কে এম নুরল হুদার কমিশনের রোড ম্যাপের মতোই থাকছে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের নির্বাচনী রোডম্যাপ চূড়ান্তের বিষয়টি কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। আজ কমিশন সভায় আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে ইভিএমের ব্যবহার ছাড়া নতুন কোনো চমক থাকছে না বলেও জানা গেছে ইসি সূত্রে। মূলত নির্বাচনে রুটিন ওয়ার্ক হিসেবে যেসব কাজ কমিশন করে থাকে সেগুলোই উঠে আসবে তাতে।

সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, আইন সংস্কার, নতুন দলের নিবন্ধন ও নিবন্ধিত দলের নিরীক্ষা, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার, নির্বাচনে প্রশিক্ষিত জনবল প্রস্তুত ও প্রশিক্ষণ ও সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো বিষয়গুলো থাকছে রোডম্যাপে।

তবে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্ব পাবে। ভোটারদের অবাধ যাতায়াত নিশ্চিত করা, আরপিওতে (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে কিছু সিদ্ধান্তের সংস্কারের বিষয় রোডম্যাপে আসছে বলে জানান একজন কমিশনার।

নির্বাচনী রোডম্যাপের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে কথা হয় ঢাকাটাইমসের। তিনি বলেন, ‘রোডম্যাপে প্রযুক্তির ব্যবহারে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোডম্যাপে যে ধরনের কর্মপরিকল্পনা থাকে, তার সবই করা হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপে গুরুত্ব অনুসারে কিছু বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম কোথায় ব্যবহার করা হবে, এ বিষয়ে ইসি সূত্রে জানা গেছে, শুধু মেট্রোপলিটন ও জেলা সদর আসনগুলোতে ইভিএমে ভোট নেওয়া হবে।

নির্বাচনের শিডিউল ঘোষণার পরদিন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

বিগত কে এম নুরুল হুদার কমিশন তাদের নির্বাচনী রোডম্যাপে আইন সংস্কার, নির্বাচন সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও বিশেষজ্ঞদের পরামর্শ, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধিত দলগুলোর বিষয়ে নিরীক্ষা এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো রাখা হয়েছিল।

রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপের বিষয়গুলো হুদা কমিশন পরে করলেও হাবিবুল আউয়ালের কমিশন সেটি আগেই সেরে ফেলেছেন।

ইসির সঙ্গে ৩৯টি রাজনৈতিক দলে আনুষ্ঠানিক সংলাপের মধ্যে প্রথম পর্বে ২৮টি ও পরে আরো দুটি দলসহ ৩০ দল সংলাপ করে। সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ ৯টি দল।

সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ কতটা মেনেছে কমিশন সেটি নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। কোনো কোনে রজনৈতিক দল বলছে, সংলাপে দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব কেবলই নিয়ম রক্ষা করেছে কমিশন। দলগুলোর পক্ষ থেকে আসা প্রস্তাব নির্বাচনী রোডম্যাপে কতটা থাকবে তা নিয়ে সন্দিহান তারা।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা লক্ষ্যে কমিশন রোডম্যাপে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েছে বলে জানান নির্বাচন কমিশনার বেগম রাশিদা খানম। তিনি বলেন, অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা সৃষ্টি করতে কাজ করছে কমিশন। এছাড়া প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্ব পাবে। ভোটারদের অবাধ যাতায়াত নিশ্চিত করার বিষয়টি রোডম্যাপে এসেছে।

নির্বাচনী রোডম্যাপে আরপিওতে (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে কিছু সিদ্ধান্তের সংস্কারে বিষয় রয়েছে বলে জানান কমিশনার বেগম রাশিদা। তিনি বলেন, ‘আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে রয়েছে। আরপিওতে প্রার্থীদের আচরণ বিধিসহ বেশ কিছু বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটারদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি।’

তবে রাজনৈতিত দলগুলোর মতামতকে উপেক্ষা করে নির্বাচনী রোডম্যাপ করা হলে তা প্রহসন হিসেবে গণ্য হবে বলে জানান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘সংলাপে আসা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, সেগুলো গ্রহণ না করেই নির্বাচনী রোডম্যাপের কোনো যৌক্তিকতা নেই। ভোটারদের ভোটাধিকার হরণ করতে ইভিএমসহ একটি রোডম্যাপ প্রস্তুত করছে এই কমিশন।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বর্তমান কমিশনের রোডমাপের বিষয়ে বলেন. ‘রোডম্যাপ রাজনৈতিক দলগুলো ও জনপ্রত্যাশা পূরণের জন্য হতে হবে। নির্বাচনের রূপরেখা সবকিছুই রোডম্যাপের ওপর নির্ভর করে। আর কিছু চ্যালেঞ্জ সামনে রেখে রোডম্যাপ তৈরি হয়ে থাকে। রোডম্যাপ প্রকাশের আগে এই বিষয়ে পুরোপুরি কিছু বলা যাচ্ছে না।’

ইসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ২৯ জানুয়ারি বর্তমান সংসদের সময় শেষ হচ্ছে। নির্ধারিত সময় শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসেবে আগামী বছরের ৩০ অক্টোবর থেকে ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
দালাল ছাড়া সমাধান নেই, পাসপোর্ট সেবার অনিয়ম নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ
দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড: চিফ প্রসিকিউটর