নিউইয়র্কে মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬
অ- অ+

নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সের্জিও গর। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সের্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ সম্পূর্ণ প্রস্তুত।

প্রধান উপদেষ্টা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা জোরদার করেছে, যা এক দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি।

তিনি আসিয়ানে যোগদানের জন্য বাংলাদেশের আগ্রহের কথাও প্রকাশ করেন এবং বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হওয়া দেশের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে।

ভূমিবেষ্টিত নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, আমরা ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারি।

প্রধান উপদেষ্টা সের্জিও গরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা রয়েছেন।

এর আগে, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
চট্টগ্রাম–২ আসনে সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা, আজই শপথ
জিম্বাবুয়ের বিপক্ষে চাপে বাংলাদেশ, ২ উইকেটে ৫৪ রান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা