আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত: কায়কোবাদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭
অ- অ+

আওয়ামী লীগের মতোই জঘন্য ও নিন্দনীয় কর্মকাণ্ডে জড়িয়েছে জামায়াতে ইসলামী- এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে, যা আওয়ামী লীগের দমন-পীড়নের কৌশলকেও হার মানাচ্ছে। তারা টার্গেট করে বিএনপির নেতাদের হেয় প্রতিপন্ন করছে এবং ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

শনিবার দুপুরে মুরাদনগরের বাঙ্গরা সীমানারপাড়ে মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ওরা বলে আল্লাহর আইন কায়েম করতে চায়, অথচ মানুষের ক্ষতি করে, অপবাদ দেয় এবং সম্মানহানি ঘটায়। রাসুল (সা.) বলেছেন—প্রকৃত মুসলমান সে-ই, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যারা মিথ্যা প্রোপাগান্ডা ও অপবাদের মাধ্যমে মানুষকে হেয় করে, তারা কখনো আদর্শ মুসলমান হতে পারে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীও অপপ্রচার চালিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে চায়। কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না। আল্লাহ যেভাবে জালিম আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করেছেন, ঠিক সেভাবেই নব্য জালিম জামায়াতে ইসলামীর হাত থেকেও দেশকে রক্ষা করে বিএনপিকে বিজয়ী করবেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা গোলাম মোস্তফা ও পল্লী চিকিৎসক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই ও সাবেক মন্ত্রী কাজী জুন্নুন বসরী।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী জুন্নুন বসরী বলেন, কোরআনের হাফেজরা দেশ ও জাতির সম্পদ। ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, বিএনপি নেতা আনিসুর রহমান খান, ইউনিয়ন যুবদল সভাপতি গাজী আব্দুল বাছির ও সমাজসেবক ওবায়দুল হক সরকার।

প্রতিযোগিতায় উপজেলার ৩৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে চূড়ান্ত পর্বে ২০টি মাদ্রাসার হাফেজ অংশ নেন। ৫ পারা ও ১০ পারা—এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ বেলাল হোসাইন।

প্রতিযোগিতা শেষে দুই ক্যাটাগরিতে সেরা ছয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামসুল আলম সরকার মজনু, যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহিন সরকার, সাবেক সাব-ইন্সপেক্টর বশির আহম্মদ, দুলাল মিয়া, জাহাঙ্গীর সদাগর, খাইরুল হাসান, দুলাল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সেনাবাহিনীর সিজিএস মাইনুর রহমান
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা