নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়েছেন তারা।
বুধবার বিকালে বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, "শিক্ষার্থীরা আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাবে। আমাদের মূল দাবি হলো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করা।"
মাসুম বিল্লাহ আরও জানান, "আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবিতে আমরা একচুলও সরে আসব না। এটি কোনো এক দিনের আন্দোলন নয়; এটি আমাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।"
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, "আমাদের লক্ষ্য স্পষ্ট। শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।"
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বেড়েছে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে এদিন রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায় তাদের অবরোধে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































