শেরপুরে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার, আটক ২

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিলযুক্ত শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালট পেপার সংগ্রহ করে সিল মারে। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলো বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সহকারী রিটানিং কর্মকর্তা ও শেরপুর সদরের ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালট পেপার বাক্সে ফেলানোর আগেই তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































