জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ উপজেলার বালিজুড়ী বাজারের মামুনুর রশিদের ছেলে।
আহতরা হলেন— নিহত শিশুর মা বিথি (৩৫), জোনাইল ফকিরবাড়ি এলাকার ওয়াজেদ ফকিরের স্ত্রী সামিরা (৪০) এবং একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী সেলিনা (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে কালুর মোড় থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র (স্থানীয়ভাবে কাকড়া গাড়ি হিসেবে পরিচিত) গাড়ির সঙ্গে জামালপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিদকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফিডার মো. রইছ উদ্দিন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটন স্থলে পৌঁছে যায় এবং উদ্ধার দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। আহত তিন নারীর মধ্যে নিহত শিশুর মার পায়ের এবং হাতের হাড় ভেঙে যায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনা কবলিত মাহিন্দ্র ও সিএনজিটি জব্দ করেছে।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































