কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই তদন্ত কমিটি, গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয়েছে দুই গেটম্যানকে।
আজ রোববার (২২ মার্চ) সকাল সাতটার দিকে গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া।
চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে বিভাগীয় পর্যায়ে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার ডা. তাহামিনা ইয়াছমিন এবং কমান্ড্যান্ট ও আরএনবি মো. শহীদ উল্লাহ।
আর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে প্রধান করে জোনাল পর্যায়ের ৬ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন— চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামস তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম।
মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান, দুই তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হন।
(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































