ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা এক হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার পূর্ববর্তী চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে এ আদেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ এপ্রিল একই মামলায় আফজাল নাছেরকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেওয়া মাহমুদুল হাসানকে গুলি করে হত্যার অভিযোগে এ মামলা করা হয়। ওই দিন বিকেলে উত্তরা পূর্ব থানার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনকারীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাঁকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন মামলায় তাকে মোট ২৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































