আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিনি এবং ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্যানে থাকা অবস্থায় হঠাৎ দুর্ঘটনা ঘটলে ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন। তবে তার আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার বিরুদ্ধে চলমান মামলায় হাজিরা দেওয়ার জন্য তাকে নেওয়া হচ্ছিল। মামলাটি জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সংশ্লিষ্ট।
এর আগে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই বছরের ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হন এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













