কেন শেখ হাসিনাকে বন্দি রাখা হয়েছিল, জানতাম না: আবদুল্লাহিল আমান আযমী

আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, সামরিক শাসনামলে শেখ হাসিনাকে কেন তার তত্ত্বাবধানে বন্দি রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আসামিপক্ষের জেরায় তিনি এ কথা বলেন। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
জেরাকালে আইনজীবী আমিনুল গণি টিটোর প্রশ্নের জবাবে আযমী বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে আটক করেননি। তার ভাষ্য, “শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কেন বন্দি করে আমার তত্ত্বাবধানে রাখা হয়েছিল, তা জানতাম না। জানার চেষ্টাও করিনি। তখন আমি সদ্য কমিশনপ্রাপ্ত জুনিয়র অফিসার ছিলাম, সামরিক শাসন চলছিল—এ ধরনের প্রশ্ন করার সুযোগ ছিল না।”
এর জবাবে আইনজীবী অভিযোগ করেন, হুসেইন মুহম্মদ এরশাদ এর মার্শাল ল’ চলাকালে বহু মানুষকে বেআইনিভাবে আটক করা হয়েছিল। তবে আযমী এ অভিযোগ অস্বীকার করেন এবং ‘অপারেশন রেবেল হান্ট’-এ দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) অন্য এক জেরায় আযমী জানান, ১৯৮৩ সালে হেয়ার রোডের একটি বাসায় দায়িত্ব পালনকালে তিনি কয়েকদিনের জন্য উল্লিখিত তিন নেত্রীকে তার অধীনে রাখার দায়িত্বে ছিলেন।
মামলার বর্তমান অবস্থা অনুযায়ী, ১৩ আসামির মধ্যে তিনজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি ১০ আসামি পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকও রয়েছেন।
(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













